দেশের আরও ১৪ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন বা নতুন করে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুই জেলার ডিসিকে বদলি করা হয়েছে। নড়াইলের শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলে বদলি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ (ঝিনাইদহ), খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলী (জামালপুর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (মেহেরপুর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা (কিশোরগঞ্জ), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন (ঝালকাঠি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামান (গোপালগঞ্জ)।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল-মামুন মিয়া জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরে ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এই ১২ জেলায় দায়িত্বে থাকা আগের জেলা প্রশাসকদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে।
এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
সরকার সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভূমি ব্যবস্থাপনার দায়িত্বের পাশাপাশি জেলা প্রশাসকরা সরকারের বিশেষ কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন।
পতাকানিউজ/এনটি

