জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) এমএ মতিন (৬৫) এবং তার স্ত্রী সাবিনা আফরোজের (৬২) বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
শুক্রবার, ২৪ এপ্রিল বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের পিপি অ্যাডভোকেট মাহবুবা খাতুন সুখি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেলে বগুড়ার স্পেশাল জজ আয়েজ উদ্দিনের আদালতে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ অভিযোগ গঠন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম গত বছরের ৬ ফেব্রুয়ারি বাদী হয়ে বগুড়া জেলা কার্যালয়ে এ মামলা করেন। আসামি এমএ মতিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে এবং ওই দম্পত্তির বর্তমান ঠিকানা হিসেবে-ঢাকা মহানগরীর রমনার ১৩১ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্লাট নং-৪/বি উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা হিসাব ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেন। এমএ মতিন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় অবৈধ পন্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুদক আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অপরাধ করেছেন মর্মে অভিযোগপত্রে বলা হয়েছে।
মামলাটি পরিচালনা করেন বাদী রাষ্ট্রপক্ষে দুদকের পিপি অ্যাডভোকেট মাহবুবা খাতুন সুখি এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
পতাকানিউজ/পিএম/আরবি

