আরব সাগরে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। এদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে।
শুক্রবার, ১০ এপ্রিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার এক প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ‘এমভি গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
আইএসপিআর জানায়, আরব সাগরের উত্তর অংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সাহায্য চেয়ে পাঠানো সেই বার্তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
বিবৃতিতে বলা হয়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজটিতে নাবিকদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া, অগ্নিনির্বাপণে কাজ করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহায়তা করে। তারা সফলভাবে নাবিকদের উদ্ধার করেছে।
উদ্ধারের পর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের করাচিতে নেয়া হয়েছে।
পতাকানিউজ/আরবি

