দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে স্বর্ণ-রূপার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এ দাম কমানোর পাঁচদিন পর ফের আরও কিছুটা দাম কমানো হলো।
বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬০ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রূপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

