লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার এখন প্রায় শেষ প্রান্তে। আর্জেন্টিনার হয়ে হয়তো খুব শিগগিরই শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে আর্জেন্টিনা জুড়ে এখনো ভেসে বেড়াচ্ছে একটাই আশা, মেসি যদি আরও কিছুদিন থাকতেন! তাঁর সাবেক ও বর্তমান সতীর্থরা পর্যন্ত অনুরোধ করছেন, অবসরের আগে যেন আরও একবার ভেবে দেখেন। কারণ, এ বিদায়ের জন্য এখনো কেউ মানসিকভাবে প্রস্তুত নয়।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর কেটে গেছে ২০ বছর। এই সময়ে আর্জেন্টিনার হয়ে ১৯৩ ম্যাচ খেলে করেছেন ১১২ গোল। জিতেছেন আটটি ব্যালন ডি’অর, বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে তাঁর নাম এক অনন্য অধ্যায়।
বর্তমানে বয়স ৩৮। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তবে তার আগে আসছে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, যা হতে পারে দেশের মাটিতে তাঁর শেষ প্রতিযোগিতামূলক খেলা। ৫ সেপ্টেম্বরের ম্যাচটিকে বিশেষ বলেই বর্ণনা করেছেন মেসি নিজে, ‘এটা বাছাইপর্বে আর্জেন্টিনায় আমার শেষ ম্যাচ। খুব বিশেষ অনুভূতি হচ্ছে।’
পরের ম্যাচ ইকুয়েডরের মাঠে হলেও, দেশের মাটির এই ম্যাচটা মেসির কাছে আবেগঘন। তিনি বললেন, ‘এরপর প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কি না জানি না। তবে এ ম্যাচটা আমার কাছে অনেক মূল্যবান। তাই আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন—সবার সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিতে চাই। আমরা একসাথে উপভোগ করব। এরপর কী হবে, সেটা সময়ই বলবে।’
তবে এত তাড়াতাড়ি মেসির বিদায় মেনে নিতে রাজি নন তাঁর সাবেক সতীর্থ, আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। বর্তমানে ক্লাব ফুটবলে খেলে যাওয়া ৩৮ বছর বয়সী আরমানি আশা করছেন, মেসি যেন এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেন। তাঁর ভাষায়, ‘আমরা কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত নই। এ ম্যাচের পর ও যেন আরেকবার ভেবে দেখে।’
তবে আপাতত যা নিশ্চিত, আগামী বছর বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই খেলবেন মেসি। এরপর কী করবেন, তা কেবল সময় আর মেসিই জানেন।
পতাকানিউজ/ওয়াইএস

