দুর্নীতি, অনিয়ম ও দালালি বন্ধে বাধা দেয়ায় সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন আশুলিয়ার একদল দলিল লেখক। শেষ পর্যন্ত তদন্তে অনিয়মের প্রমাণ পেয়ে তাদের মধ্যে ৬ জনকে বরখাস্ত করেছে জেলা রেজিস্ট্রি অফিস। এতে দীর্ঘ অচলাবস্থার পর আশুলিয়া সাবরেজিস্ট্রি অফিসে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জেলা রেজিস্ট্রার মুন্সি মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে গত ২৮ অক্টোবর ৬ দলিল লেখক আলমগীর হোসেন, মোতালেব হোসেন, ফজলুর রহমান, মনসুর রহমান, অনিক হাসান দিলবর ও রেজাউল করিমকে বরখাস্ত করা হয়। চিঠিতে বলা হয়, তারা বহিরাগতদের নিয়ে অফিসে হামলা চালিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিলেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা (নম্বর ১৫/২৫) রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সাবরেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে কয়েকজন দলিল লেখক জোরপূর্বক দলিল লেখার কার্যক্রম বাধাগ্রস্ত করেছেন। অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ জমির দলিল সম্পাদন করতে পারছেন না। যারা নিজ উদ্যোগে অন্যত্র থেকে দলিল লিখে সম্পাদন করতে আসছেন, তাদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাবরেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া বলেন, আমার কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে কয়েকজন দলিল লেখক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেনের ইন্ধনে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। স্বউদ্যোগে দলিল সম্পাদন করতে আসা এক ব্যাংক কর্মকর্তাকে পর্যন্ত মারধর করা হয়েছে।
তিনি আরও বলেন, আলমগীর হোসেন ভুয়া খাজনা রসিদ জমা দিয়ে একটি দলিল সম্পাদন করাতে চেয়েছিলেন। আমি তা গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক দাবি করেছেন, আলমগীর হোসেন অতীতে সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এখন পুনরায় প্রভাব বিস্তারের জন্য ঘনিষ্ঠ কয়েকজন দলিল লেখককে নিয়ে আন্দোলনে নেমেছেন।
ভুক্তভোগীরা জানান, গত ১৭ জুন থেকে অফিসে এ ধরনের অচলাবস্থা শুরু হয়। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, সাবরেজিস্ট্রার পাভেলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি।
অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা জানান, সাবরেজিস্ট্রার খায়রুল বাশার চলতি বছরের ২৩ মার্চ দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর তিনি সরকার নির্ধারিত কর ও ফি অনুযায়ী দলিল নিবন্ধন শুরু করলে কয়েকজন দলিল লেখক তার সঙ্গে মতবিরোধে জড়ান। দলিল লেখকদের কেউ কেউ সরকার নির্ধারিত উৎস কর কমানোর দাবি জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
একটি তথাকথিত ভূমি উন্নয়ন করের (খাজনা) রসিদে দেখা গেছে, সেটি সরকারি ওয়েবসাইটে নয়, বরং একটি ‘xyz” ডোমেইনের সাইটে তৈরি। অভিযোগ উঠেছে, এই ভুয়া খাজনা রসিদ ব্যবহার করে দলিল রেজিস্ট্রেশনের চেষ্টা করা হয়।
পতাকানিউজ/এআই

