বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। রবিবার, ৫ অক্টোবর সকালে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন এ মামলা করেন।
এদিকে মামলার পর আজ বিকেল থেকে চক ভোলাখাঁ মহল্লায় পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। ভয়ে এলাকার অনেক নারী-পুরুষেরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবল সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। একপর্যায়ে রাজুকে হাতকড়া পরিয়ে থানায় নেয়ার সময় উপস্থিত তার স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। দ্রুতই রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।’
ওসি আরও বলেন, ‘রাজুর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, হামলা-ভাঙচুর ও নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।’
পতাকানিউজ/পিএম/আরবি

