কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে নুরুন নাহার নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার, ৭ সেপ্টেম্বর সকালে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুন নাহার (৬২) একই এলাকার আমিনুল হকের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ওষুধ মনে করে নুরুন নাহার ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে ভুলবশত ইঁদুর মারার ওষুধ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ওষুধ খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

