সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও ঘুষ নেয়ার দাবি করে ব্যবস্থা নেয়ার জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার কয়েকজন বাসিন্দা। লিখিত অভিযোগের কপি সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুনীতি দমন কমিশনেও পাঠানো হয়েছে। তবে, সব অভিযোগ অস্বীকার করে ইউএনও বলছেন, জাল ঠিকানা ব্যবহার করে অভিযোগকারী খাদ্যবান্ধবের ডিলার হতে চেয়েছিলেন। সেটা না দেয়ায় তিনি ষড়যন্ত্র করছেন।
অভিযোগকারীরা বলছেন, ইউএনও সরকারি বরাদ্দের নিজ কক্ষে বসেন না। সরকারি টাকা খরচ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষকে তৈরি করেছেন রাজকীয়ভাবে। আর সেখানেই বসেই নিয়মিত করছেন অফিস। নিজেকে দাবি করেন ক্ষমতাসীন কর্মকর্তা। এখানেই শেষ নয়, মন্ত্রী/এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, চেয়ারম্যান ও মেয়র—এই ৫ পদে উপজেলার বিভিন্ন প্রকল্প থেকে নেন ৫ ভাগ এবং সরকারি সব প্রকল্প থেকে নেন ৩০ শতাংশ ঘুষ! এছাড়া খাদ্য বান্ধব ডিলার নিয়োগেও করেছেন আর্থিক অনিয়ম।
এসব অনিয়মের প্রতিবাদ করলেই দেয়া হয় পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি। আর এভাবেই সরকারি ক্ষমতার অপব্যবহার করে কায়েম করছেন রাম রাজত্ব। সরকারি কমকর্তার পাশাপাশি তার আরও পরিচয় রয়েছে। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ছাত্রলীগ নেতা এবং তার বাবা ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ২৪ নভেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির ছেলে সাবেক ছাত্রলীগ নেতা বরকত উল্লাহ। তিনি এ উপজেলায় যোগদান করে রাজনৈতিক পট পরিবর্তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি পদে দায়িত্ব পালন করেন। নির্বাচিত সরকার না থাকায় নিজেকে মন্ত্রী, এমপির পদের দায়িত্বশীল দাবি করে উপজেলার সকল দপ্তরের প্রকল্প থেকে ঘুষ আদায় করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারি সকল প্রকল্প থেকে ৩০ শতাংশ টাকা ঘুষ নেন ইউএনও। পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বেড়িবাঁধ, নদী ভাঙন রোধ প্রকল্প ও কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনে মোটা অংকের উৎকোচ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয়ের কয়েক কোটি টাকা প্রকল্প থেকে ৩০ শতাংশ টাকা আদায় করেন।
এছাড়া আশারকান্দি ইউনিয়নের একটি প্রকল্পের ১০.৭০০ টন চালের বরাদ্দ ভাগবাটোয়ারা করে নেয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে । উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল এডিপির টাকা প্রকল্প কমিটির মাধ্যমে তছরূপ ও একটি প্রকল্পে একাধিক খাত থেকে প্রকল্প সৃজনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সম্প্রতি উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে। উপজেলার দিঘলবাক এলাকার বাসিন্দা রুহুল আমীন খানের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে ডিলার না দেয়ার অভিযোগ রয়েছে। ঘুষের টাকা ফেরত চাইলে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন।
ভুক্তভোগী রুহুল আমীন খান পতাকা নিউজকে বলেন, ‘গত এক বছরে ইউএনও বরকত উল্লাহ রাম রাজত্ব কায়েম করছেন। তার ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে উপজেলাবাসী অতীষ্ঠ। তিনি নিজেকে ক্ষমতাসীন কর্মকর্তা দাবি করে অশালীন আচরণ করেন। উপজেলাবাসীকে তার দুনীতির কবল থেকে বাঁচাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণে অভিযোগ করেছি।’
অভিযোগ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, ‘অভিযোগকারী খাদ্যবান্ধবের ডিলার হতে চেয়েছিলেন। কিন্তু তিনি ঘরভাড়ার চুক্তি জাল দিয়েছিলেন তাই আমরা, সেটি বাতিল করেছি। বাতিল হওয়া আরেকজন কে নিয়ে তিনি যেদিন সিদ্ধান্ত হয়েছে, ওইদিন কেন বাতিল করলাম এই চিঠি নিতে চেয়েছিলেন। আমরা পরে নেয়ার জন্য বলায় তিনি ওই সময় বলেছেন বিভাগীয় কমিশনার স্যারের নিকট অভিযোগ করবেন। অভিযোগের অন্য প্রসঙ্গও মিথ্যা, একটাও সত্য নয়।’
এ বিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ পতাকানিউজকে বলেন, ইউএনও’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।’
পতাকানিউজ/এডি/আরবি

