সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২১ ডিসেম্বর দুপুরে উপজেলাবাসীর ব্যনারে উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
ব্যবসায়ী ইলিয়াছ মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ, ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আলী হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা, উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ হামজা, পৌর যুবদল নেতা তারেক মিয়া ও বিএনপি নেতা রূপন আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘জগন্নাথপুর ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়ক দিয়ে যুগ যুগ ধরে নাগরিকরা চলাচল করছেন। বিশেষ করে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে সড়কটি বন্ধ করে দিলে শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যা নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে নাগরিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।’
বক্তারা আরও বলেন, ‘ইউএনও বরকত উল্লাহের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা ম্যাজিস্টেট বিষয়টি সরেজমিনে তদন্ত করেন।’
বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেইট খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকত উল্লাহের দ্রুত অপসারণের দাবি জানান। অন্যথায় নাগরিকদের নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।
পতাকানিউজ/এডি/আরবি

