বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটিতে ৫৩ বছরের সদস্যপদে এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন এবং প্রথমবারের মতো সর্বোচ্চ এই পদে নির্বাচন।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ভোটে জাপানকে পরাজিত করে সভাপতির পদে নির্বাচিত হন। তিনি ৩০-২৭ ভোটে জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকোকে হারান। রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বর্তমানে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভেরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া—এই চারটি দেশ এ পদে প্রার্থিতা ঘোষণা করেছিল। তবে গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনটি এই মাসের শেষে, আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে শুরু হবে। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন শেষ হবে ১৩ নভেম্বর।
এই বিজয়কে বাংলাদেশের জন্য একটি বিরাট কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। ফলে এর সভাপতির দায়িত্ব পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এবং বৈশ্বিক নীতিনির্ধারণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। বাংলাদেশের এই অর্জনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অভিনন্দন জানিয়েছেন।
পতাকানিউজ/এনটি

