বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের পর যাত্রাবাড়ী থানা পুলিশ ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, তার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় চোখে গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ওই মামলার ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি ইকবাল সোবহান চৌধুরী।
পুলিশের আবেদনে বলা হয়, ইকবাল সোবহান চৌধুরী মামলার এজাহারনামীয় আসামি। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

