ঝালকাঠিতে ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম নামে ইট ভাটার এক শ্রমিক নিহত নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
রবিবার, সকাল সাড়ে ৮টায় রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম (১৮) ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রলি চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সটকে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/আরবি

