চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈশ্বিক সচেতনতার এক মিলনমেলা হয়ে উঠেছে ‘মেরাকি’। Unveiling Global Voices 2.0 থিমে আয়োজিত এবারের এই অনুষ্ঠানে অংশ নেয় ৪৯টি দল। প্রতিটি দলে ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী।
চলতি সেমিস্টারের মেরাকি আয়োজন করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পার্সপেকটিভস শোকেস’। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে তৈরি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্যসহ নানা বৈশ্বিক সমস্যার গভীরতা ও প্রভাব তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে দুপুরের পর শুরু হয় ‘ক্রিয়েটিভ টিভিসি এক্সিবিশন’। শিক্ষার্থীদের তৈরি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। প্রতিটি টিভিসিতে সংশ্লিষ্ট সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সৃজনশীলভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক এম. সেকান্দার খান (প্রফেসোরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা), রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া এবং সহকারী অধ্যাপক রাওনাক আফরোজ (স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; ডিরেক্টর, এক্সটার্নাল এনগেজমেন্ট ও কো-অর্ডিনেটর, অ্যাক্সেস একাডেমি)।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দলগত কাজ, বিশ্লেষণী দক্ষতা ও বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরাও জানান, বাস্তবভিত্তিক শেখার ক্ষেত্রে মেরাকি তাঁদের জন্য একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে উঠেছে।
পতাকানিউজ/এআই

