ঔষধ নিয়ে থাইল্যান্ড পৌঁছতে চায় বাংলাদেশি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা। যদিও বাংলাদেশ-থাইল্যাণ্ড বাণিজ্য এখনো সীমিত। যেমনটা চীনের সঙ্গে সম্প্রসারিত হয়েছে, থাইল্যান্ডের সঙ্গে সেভাবে হয়নি। বরং চীনের সঙ্গে প্রতিযোগিতা করে থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য যেন কিছুটা পিছিয়ে যাচ্ছে।
এমন বাস্তবতায় বাংলাদেশ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ওষুধ শিল্পে সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদ দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ওষুধ উৎপাদন, বাণিজ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তাদের উৎপাদন সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে অবস্থান এবং মানসম্পন্ন ওষুধ তৈরির অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এখন থাইল্যান্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে যৌথভাবে ওষুধ উৎপাদন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং বাজার সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠকে বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, দুই দেশের ওষুধ শিল্প একসঙ্গে কাজ করলে উভয় দেশই লাভবান হবে। তিনি ইনসেপ্টার অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছে। তাই থাইল্যান্ড আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।
বৈঠকে আলোচকেরা বলেন, গবেষণা, উন্নয়ন এবং আধুনিক উৎপাদন পদ্ধতির অভিজ্ঞতা বিনিময় করলে ওষুধ শিল্প আরও শক্তিশালী হবে। এছাড়া থাইল্যান্ডে বাংলাদেশের ওষুধের বাজার সম্প্রসারণের সুযোগও আছে। একইভাবে বাংলাদেশেও থাইল্যান্ডের বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন থাই রাষ্ট্রদূত।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথভাবে কাজ করলে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলবে। মানসম্মত ওষুধ উৎপাদন বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সহায়তা করতে পারে। এতে শুধু ব্যবসায়িক সম্পর্কই নয়, অর্থনৈতিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।
এই উদ্যোগকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আলোচনা ভবিষ্যতে বাস্তব সহযোগিতায় রূপ নিলে বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে এবং থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
তথ্যসূত্র : টিবিএস
-পতাকানিউজ

