কক্সবাজারের পর্যটনকেন্দ্র ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে শান্ত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ১৫ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ইনানী সৈকতের ‘নারী পয়েন্ট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহাবুব জানান, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা থেকে ১৫-১৬ জন শিক্ষার্থীর একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। দুপুরে তারা ইনানী সৈকতের নারী পয়েন্ট এলাকায় একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামে।

এ সময় ভাটার টানে কয়েকজন শিক্ষার্থী গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাদের চিৎকার শুনে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ ছিল।
পরে উদ্ধারকারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

