বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার, ২২ জুন ঢাকার শিফট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।
এ চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর অতিরিক্ত পিপি মুহম্মদ শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
ইনু ও মেনন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন।
সাবিনা আক্তার তুহিন
মিরপুর মডেল থানার হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
সাবিনা আক্তার তুহিনকে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল সৌরভ গ্রেপ্তারের আবেদন করেন।
সাবিনা আক্তার তুহিনের গ্রেপ্তারের আবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগস্টের ৪ তারিখ মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী এবং ভিক্টিম মিলন পান্না বাম হাতে ও নিতম্বে গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের নামে মামলা করা হয়।
রোকেয়া জামাল
কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাদের গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।
রোকেয়া জামালের গ্রেপ্তার দেখানোর আবেদন অনুযায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ জনের নামে মামলা করেন।
ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে ইনু মেনু তুহিন ও রোকেয়াকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়া হয়।
পতাকানিউজ/এএ/আরবি

