ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে এক স্কুলভবন ধসের ঘটনায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা, ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)।
বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।
তিনি জানান, ধ্বংসস্তূপ থেকে স্কুলভবনের ৬০ শতাংশ পরিস্কার করা হয়েছে। তবে ধ্বংসপ্রক্রিয়া শুধু স্কুলের মূল ভবনেই সীমাবদ্ধ ছিল না; পাশের একটি ভবনও ধসে পড়েছে। ফলে স্কুল চত্বরে এবং সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপের মিশ্রণ তৈরি হয়েছে। নিখোঁজদের অধিকাংশই এই সংলগ্ন ভবনে আছেন।
অপর উদ্ধারকারী সংস্থা, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানান, ধ্বংসস্তূপ থেকে মৃত ৪৫ এবং আহত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হয়েছে, বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (০৫ অক্টোবর) দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ও এর সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। এই স্কুল জুনিয়র স্তরের এবং ধসের সময় সেখানে কয়েকশ’ কিশোর শিক্ষার্থী ছিলেন।
স্কুলের কিছু শিক্ষক জানিয়েছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়াতে স্কুলটির ছাদে নতুন তলা নির্মাণ করা হচ্ছিল। কিন্তু নতুন তলা তৈরির জন্য যথাযথ ভিত্তি বা ফাউন্ডেশন ছিল না, যা কর্তৃপক্ষ উপেক্ষা করেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
পতাকানিউজ/এনটি

