কোভিড–১৯ মহামারির সময় অবৈধভাবে কেটে রাখা সাড়ে ২২ লাখ টাকা বেতন ফেরতের দাবিতে ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর ও মানব সম্পদ বিভাগের প্রধানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ মুস্তফিজুর রহমান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা দশ মাস ডাক্তারের মাসিক বেতনের ৪৫ শতাংশ ‘অস্থায়ীভাবে’ কেটে রেখেছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলেও, চাকরি ছাড়ার পরে সেই টাকা ফেরত দেওয়া হয়নি।
নোটিশে জানানো হয়, চলতি বছরের ২ আগস্ট ডা. মোহাম্মদ মুস্তফিজুর রহমান পদত্যাগ করার পর একাধিকবার বেতন ফেরতের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো অর্থ ফেরত দেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তার আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, ‘এটি শুধু আস্থাভঙ্গই নয়। এ ধরনের কর্মকাণ্ড একটি ফৌজদারি অপরাধের শামিল।’
নোটিশে ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ম্যানেজিং ডাইরেক্টর নাফিদ নাবি ও মানব সম্পদ বিভাগের প্রধান মো. আরিফুর রহমানকে ১৫ দিনের মধ্যে পুরো অর্থ ফেরত দিতে বলা হয়েছে। সময়সীমার মধ্যে টাকা ফেরত না দিলে ডা. মোহাম্মদ মুস্তফিজুর রহমান আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন এবং আর কোনো নোটিশ দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
আইনজীবী জানান, নোটিশটি সুসৎ উদ্দেশ্যে পাঠানো হলেও বিষয়টি দ্রুত ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান না হলে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
পতাকানিউজ/আরএস/আরবি

