কক্সবাজারের চকরিয়া একটি পিকআপের সিটের নিচে থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে এসময় চালক মো. জামালকে (২৩) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার, ২৪ নভেম্বর সকাল ৯টায় উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইটের সামনে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, একটি নীল রঙের টাটা কোম্পানির পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৭৬৮৫) করে কক্সবাজার সদর এলাকা থেকে ইয়াবার বড় চালান ঢাকার সাভারের দিকে নেয়া হচ্ছে। এমন খবরে আজ সকাল থেকে ডিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। সকাল ৮টায় সন্দেহভাজন পিকআপটি দ্রুতগতিতে চেকপোস্টের দিকে এগিয়ে এলে গাড়িটি থামানো হয়। এসময় গাড়ি চালক নিজেকে পরিচয় দেন মো. জামাল হিসেবে। তাকে গাড়ির কাগজপত্র দেখাতে বললে দেখাতে ব্যর্থ হন। পরে উপস্থিত লোকজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পিকআপে ইয়াবার রাখার কথা স্বীকার করেন এবং তার দেখিয়ে দেয়া চালকের পাশের সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি পোঁটলা উদ্ধার করা হয়। সেখান থেকে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে এসআই মো. ইছমাইল হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক মো. জামাল বলেন, তিনি কক্সবাজার সদর এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভারসহ আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করেন। উদ্ধার করা ইয়াবাগুলো ঢাকায় নেয়ার উদ্দেশ্য ছিল।
এসআই আরও বলেন, পিকআপটি বিশেষভাবে প্রস্তুত করা। যাতে সিটের নিচে মাদক লুকানো থাকে এবং সহজে যাতে ধরা না পড়ে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ইমন চৌধুরী বলেন, ‘আটক জামালের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর জব্দ করা ইয়াবা ও পিকআপসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
জানতে চাইলে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পতাকানিউজ/এমজেসি/আরবি

