বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি চালু এবং চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে ইরানের নতুন এ প্রস্তাবে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেয়া প্রস্তাব ট্রাম্প গ্রহণ নাও করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এ প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেয়া হয়নি।’
তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।
হোয়াইট হাউস বলছে, ইরানের প্রস্তাবনা ট্রাম্পসহ নীতিনির্ধারকদের টেবিলে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, পারমাণবিক আলোচনা আপাতত পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে।
প্রস্তাবটির মূল লক্ষ্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো এবং পারমাণবিক ইস্যুকে পরে আলোচনার টেবিলে তোলা।
এদিকে পারমাণবিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অনড় অবস্থানে আছেন।
হোয়াইট হাউস মুখপাত্র লেভিট বলেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।
পতাকানিউজ/আরবি

