যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ‘খারাপ ব্যবহার’ করলে ওয়াশিংটন আবার বিমান হামলা শুরু করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার, ২ মে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প লিখেন, ‘গত ৪৭ বছর ধরে ইরান মানবতা ও বিশ্বের প্রতি যা করেছে তার জন্য এখনও তারা যথেষ্ট বড় কোনো মূল্য পরিশোধ করেনি, তাই এটি কল্পনা করা কঠিন যে তেহরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে।’
এদিকে একইদিন ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, তাকে ‘চুক্তির ধারণা’ সম্পর্কে অবহিত করা হয়েছিল।
আল জাজিরা লিখেছে, কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ফের সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে স্বভাবসুলভাবে স্পষ্ট মনোভাব প্রকাশ করেছেন। দুই পক্ষ ৭ এপ্রিল থেকে থেকে শুরু হওয়া একটি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সংঘাত থেমে আছে।
হামলা আবার শুরু হতে পারে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “তারা যদি খারাপ কিছু করে, তাহলে তেমনটি হওয়ার সম্ভাবনা আছে।”
তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র অনেক ভালো করছে’ আর দাবি করেন, কয়েক মাসের যুদ্ধ ও নৌ-অবরোধে ইরান ‘ধ্বংস’ হয়ে গেছে, তাই একটি মীমাংসার জন্য তারা মরিয়া হয়ে আছে।
তেহরান যে ১৪ দফা প্রস্তাব দিয়েছে তার মধ্যে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং জব্দ করা সব সম্পদ অবমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদের শান্তিচুক্তির শর্তাবলী চূড়ান্ত করার জন্য ৩০ দিনের সময় চেয়েছে তারা।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের হামলা শুরুর পর বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠে। তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ থাকলেও ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ রাখায় ও ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ চলায় উত্তেজনা এখন চলমান। এর মধ্যেই শান্তির জন্য কূটনৈতিক এ প্রচেষ্টা সামনে এসেছে।
পতাকানিউজ

