যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘তৌসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।
অপরদিকে, ইরান বলেছে যে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শীঘ্রই এ সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দিবে।
এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না।
ট্রাম্প লিখেছেন, ‘আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।’
তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। ‘তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থামিয়ে দেয়।’
তিনি আরও দাবি করেন, ‘তৌসকা’ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং অতীতে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। ‘জাহাজটি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং আমরা এর ভেতরে কী আছে তা পরীক্ষা করছি।’
এদিকে, ট্রাম্প শুক্রবার বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালু থাকবে।
গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে সংঘাত শুরু হয় এবং পাঁচ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলার পর দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এ মাসের শুরুর দিকে প্রথম দফা আলোচনা হয় এবং কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এর পর ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধের ঘোষণা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।
রবিবারের আগে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা আজ সোমবার পাকিস্তানে পৌঁছাবেন, যেখানে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে বুধবার।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলেছে যে, দ্বিতীয় দফায় আলোচনা হবে, এই খবর সত্য নয়।
বিবিসি
পতাকানিউজ

