ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার, ৩ এপ্রিল রাতে দেশটিতে প্রবেশ করে স্পেশাল ফোর্সের সদস্যরা।
শনিবার, ৪ এপ্রিল দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানে থাকা দুই ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তাদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে দুটি সামরিক হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। তবে ইরানি বাহিনীর গুলিতে উভয় হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, যদিও তারা নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দুর্ঘটনার পর একজন মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও অন্যজনের অবস্থান এখনও অজানা। ইরানের স্থানীয় গণমাধ্যমে তাকে খুঁজে বের করতে তল্লাশি চালানোর দৃশ্য প্রচার করেছে এবং তাকে ধরিয়ে দিলে ইতিমধ্যে পুরস্কারের ঘোষণাও দেয়া হয়েছে।
ইরানের সেনারা জানিয়েছে, তারা তাদের দেশের দক্ষিণপশ্চিম অংশের ওপর এবং হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হলেও তা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে না।’ এটা যুদ্ধ, আমরা যুদ্ধের মধ্যে আছি,’ বলেছেন তিনি।
পতাকানিউজ/আরবি

