ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘যে কোনো ধরনের হামলা আগুন নিয়ে খেলা’।
সম্প্রতি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ল্যাভরভ বলেন, ‘এ ধরনের পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এর ফলে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।’
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর ল্যাভরভের এ মন্তব্য সামনে এল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানি স্থাপনাগুলোতে অতীতেও হামলা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তার মতে, এ পুরো বিষয়টিই একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
সাক্ষাৎকারে ল্যাভরভ কেবল সামরিক উত্তেজনাই নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জ্বালানি রাজনীতিরও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই রুশ জ্বালানি কোম্পানি ‘লুকঅয়েল’ ও ‘রোসনেফট’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এছাড়া ভারতকে রুশ তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়া এবং ভেনেজুয়েলার জ্বালানি খাতে রাশিয়া, চীন ও ইরানকে নিষিদ্ধ করার মতো মার্কিন সিদ্ধান্তগুলোকে তিনি বৈশ্বিক জ্বালানি বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হিসেবে বর্ণনা করেন।
ল্যাভরভ আক্ষেপ করে বলেন, একদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকটের সমাধান হলে পারস্পরিক সহযোগিতার কথা বলছে, অপরদিকে তারা একের পর এক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার ব্যবসায়িক স্বার্থে আঘাত হানছে। ওয়াশিংটনের এ দ্বিমুখী নীতি এবং ইরানের প্রতি আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করেন তিনি।
পতাকানিউজ

