হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে।
তারা বলেছে, বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে আটকে পড়া হাজার হাজার নাবিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।
এদিকে তেহরান বলেছে, গুরুত্বপূর্ণ এ উপসাগরীয় নৌপথ দিয়ে পাড়ি দেয়ার সময় জাহাজটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল, তাই সেটিতে হামলা করা হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ হামলাকে আগের দিনের ড্রোন হামলার “শক্তিশালী জবাব” হিসেবে বর্ণনা করেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, “বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”
“এছাড়া, ইরানের বিপজ্জনক আচরণ এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথে চলাচলের স্বাধীনতাকে খর্ব করেছে, যেখানে ক্রমেই বাণিজ্যিক চলাচল বাড়ছে।”
সেন্টকম বলেছে, প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে “নিরাপদ যাতায়াতের সমন্বয় ও সহায়তা” প্রদান অব্যাহত রাখবে মার্কিন সামরিক বাহিনী।
তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ ঘটনার জন্য “চুক্তিভঙ্গকারী মার্কিন শাসনব্যবস্থার” ওপর দোষ চাপিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, “হরমুজ প্রণালিতে একটি জাহাজ অনুমোদনহীন পথে চলাচল করার,” প্রেক্ষাপট তৈরি করে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে বিমান হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোতে আঘাত হেনেছে, তবে এর বিস্তারিত দেয়নি।
আইআরজিসি আরও বলেছে, “এই আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া এর চেয়েও বিস্তৃত হবে।”
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু হওয়ার পর তেহরান কার্যত প্রণালিটি বন্ধ করে দেয়।
তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের দাম বেড়ে যায় এবং সারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হয়।
১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফা সমঝোতা স্মারকের আওতায় বৈরিতা বন্ধে সম্মত হয়, যেখানে ইরানকে ৬০ দিনের জন্য “বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে” বলা হয়েছিল। এজন্য কোনো ধরনের ফি না নেয়ার কথা উল্লেখ ছিল।
পতাকানিউজ

