লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে শিয়া ইসলামপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। রবিবার, ২৪ নভেম্বর বৈরুতের দক্ষিণাংশের হারাত হ্রেইক এলাকায় বিমান হামলাটি চালানো হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। হামলায় ৫ জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরো ২৮ জন।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের কমান্ডার তাবাতাবাইকে ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে। যদিও বিবৃতিতে সংগঠনের ভেতরে তার আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি, তবে তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে হামলার প্রকৃত লক্ষ্য ছিলেন তিনিই।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি এর আগে বলেছিলেন, ‘এই হামলা ‘‘রেড লাইন অতিক্রম করেছে” এবং সংগঠনের নেতৃত্ব প্রতিক্রিয়া জানানো হবে কি না, তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘দক্ষিণ উপশহরে আজকের এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় বড় ধরনের উত্তেজনার দ্বার খুলে দিয়েছে।’
১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ ও বাবা ইরানি। তিনি দক্ষিণ লেবাননে বড় হন এবং ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ জানায়, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটের ওই ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং পার্কিং এলাকা, গাড়ি ও আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়।
বৈরুত থেকে আল জাজিরার জেইনা খোদর জানান, ‘ইসরায়েল “যে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, তা আরও বাড়তে পারে” বলে লেবাননে উদ্বেগ বাড়ছে।’
তিনি বলেন, “হিজবুল্লাহ এখন খুব কঠিন অবস্থায় আছে। তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে। জবাব না দিলে আরও বড় আক্রমণ হতে পারে। আবার জবাব দিলে আরও ব্যাপক ইসরায়েলি হামলার ঝুঁকি আছে, যা তাদের সমর্থকদেরও ক্ষতিগ্রস্ত করতে পারে।”
নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক আল জাজিরাকে বলেন, এখন মূল প্রশ্ন হলো হিজবুল্লাহ কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, ‘আমার মতে, হিজবুল্লাহ নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার অজুহাত দিতে চাইবে না। এতে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে লাভ হবে এবং লেবাননের ক্ষতি বাড়বে।’
পতাকানিউজ/এএইচ

