বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের অনুরোধ করেছি।’
রবিবার, ১৮ জানুয়ারি বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।ত্রয়োদশ সংসদ এসময় তার সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এসময় তারা সিইসির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন।
তবে যাদের বিরুদ্ধে নালিশ করা হয়েছে তারা কোন দলের পক্ষে কাজ করছেন, তা খোলাসা করেননি বিএনপি মহাসচিব। এছাড়া তার অভিযোগের বিষয়ে ইসির কোনো প্রতিক্রিয়ায়ও পাওয়া যায়নি।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মুঠোফোন নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স, এ বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সে আহ্বান (ইসিকে) জানিয়েছি।’
ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে অনৈতিক কূটকৌশল হিসেবে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করানোর অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব জানান, মোট কতসংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছে, তার বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন।
পোস্টাল ব্যালট নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি যে এ ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি।’
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ বিএনপি বিশ্বাসী জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছি।’
পতাকানিউজ

