পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
রেলওয়ে জানায়, প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ—ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে। দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।
এবার একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের টাকা ফেরত দেয়া হবে না।
এদিকে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে।
পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
পতাকানিউজ/আরবি

