রাজধানীর উত্তরায় খালার বাসা থেকে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় সোহান শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মা, বড় ভাই ও নানি গুরুতর আহত হয়েছেন।
শনিবার, ২০ ডিসেম্বর ভোরে উত্তরা বিএনএস সেন্টারসংলগ্ন ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় সোহান ও তার মা তহুরুন্নেছাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। তহুরুন্নেছা বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। সোহানের নানি আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহান (১৩) পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।
নিহত শিশুটির খালা রুনা বেগম হাসপাতাল সূত্রে জানান, তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে। সোহানের বাবা রওনক হাসান অন্যত্র দ্বিতীয় বিয়ে করে থাকেন। তহুরুন্নেছা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করতেন। সোহান ও তার ভাই গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সংসার চালাতে তহুরুন্নেছা অন্যের বাড়িতে কাজ করতেন।
রুনা বেগম আরও জানান, গত সোমবার তার মা, বোন ও দুই ভাগিনা গ্রাম থেকে তুরাগের নয়ানগরে তার বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে তারা গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন। উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তারা। এ সময় একটি বাস ও ট্রাক পাল্লাপাল্লি করে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।
স্বজনরা প্রথমে তাদের উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে সোহান ও তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পতাকানিউজ/এআই

