মৌলভীবাজারের কমলগঞ্জের কালিপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে ইঞ্জিনি বিকল হয়ে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনটি ভোর ৬টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত আটকে থাকে। পরে ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এসময় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।
মঙ্গলবার, ৩১ মার্চ সকাল ৬টায় মিনিটের দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বড় ধরণের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিলপটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সকাল সোয়া ৮টা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে আটকা পড়া উপবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়। পরে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেখে সকাল ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
পতাকানিউজ/এমআরএম/আরবি

