ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৯টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপি ৬টি আসন, স্বতন্ত্র ৮টি আসন ও অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন।
এদিকে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের পথে বিএনপি! এক নতুন রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ।
একইসঙ্গে জামায়াতে ইসলামীও গড়লো তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
অপরদিকে ঐতিহাসিক এ বিজয়ে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত করবে দলটি। তবে কোনো ধরনের বিজয় মিছিল-সমাবেশ না করার ঘোষণা দিয়েছে তারা।
এর আগে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল সাড়ে ৪টায পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ২৯৯টি আসনে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।
নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেবার প্রধানমন্ত্রী হন প্রয়াত খালেদা জিয়া।
এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও ক্ষমতায় আসে দলটি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে পদত্যাগ করে দলটি। এরপর বিরোধী দলের আসনে।
২০০১ সালের নির্বাচনে আবারও বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ক্ষমতায় আসে। সেবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ৫ বছর ক্ষমতায় থাকার পর ২০০৬ সালের অক্টোবরে শেষ হয় মেয়াদ। ২০০৮ সালে বিরোধী দল হয় বিএনপি। এরপর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে টানা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যায় দলটি।
দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবারও সরকার গঠনের পথে বিএনপি জোট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছে দলটি।
পতাকানিউজ/আরবি

