প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
আবু বকর সিদ্দিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে, ২১ অক্টোবর বিকেল ৫টার দিকে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।
পরে ২৩ অক্টোবর ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মানিক হোসেন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে আবু বকর সিদ্দিক ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘মাইশা আনজুম’ নামের আইডি থেকে পোস্ট করা একটি ছবি দেখতে পায়। ছবিটি ছিল প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের।

ওই পোস্টে ‘মো. আবু বক্কর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক নিজের ফেসবুক আইডি থেকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
তবে তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম বা এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, আবু বকর সিদ্দিক বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তিনি বিভিন্ন সময়ে ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সরকারপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটন, সরকারপ্রধানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত অন্যদের শনাক্ত করা, মন্তব্যের পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্র রয়েছে কি না, তা খুঁজে বের করা এবং জব্দ করা মোবাইল ফোন ছাড়াও অন্য কোনো আলামত আছে কি না, তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
পতাকানিউজ/এএ

