হামের প্রকোপের মধ্যেই হানা দিয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। শুরুতেই হয়ে উঠেছে ভয়ঙ্কর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জন পুরুষ, তিন জন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮ জনে।
সোমবার, ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন ঢাকা উত্তর সিটি কপোরেশন এলাকার, ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন ও মে মাসে ১ জনের মৃত্যু হয়।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। এ পর্যন্ত আক্রান্ত হওয়া ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।
পতাকানিউজ/আরবি

