চট্টগ্রামের রাউজানে একেরপর এক সংখ্যালঘুর বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে কেরোসিন বা অকটেন দিয়ে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। গেলো দুই মাস ধরে রাউজানের বিভিন্নস্থানে সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
সর্বশেষ সোমবার, ২২ ডিসেম্বর রাত ৩টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের বণিকপাড়া এলাকায় সুরঞ্জন শীলের বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, চারটি স্টিলের আলমারিতে থাকা মালামাল, নগদ টাকা এবং পাসপোর্ট, ভিসাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ঘরের ভেতরে আটজন সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাইরে বের হতে গিয়ে তারা দেখতে পান ঘরের দুটি দরজায় বাইরে থেকে হুক লাগানো। পরে টিনের বেড়া কেটে কোনোভাবে বের হয়ে প্রাণে রক্ষা পান তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য প্রবাসী মিঠুন শীল জানান, মাস খানেক আগে নতুন বিয়ে করেছেন তিনি। আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। পাসপোর্ট-ভিসাসহ এনআইডি ও জন্মনিবন্ধন পুড়ে গেছে। এখন কি করবেন দিশেহারা তিনি।
এদিকে গেল দুমাসের মধ্যে কয়েক দফায় উপজেলার চিকদাইর ও পৌর এলাকার কলমপতিতে সনাতন সম্প্রদায়ের পরিবারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে সদর ইউনিয়নের কেউটিয়ায় সাধন বড়ুয়ার বসতঘরে আগুন দেয়া হয়। আগুন তার বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সাধন বড়ুয়া বলেন, ‘রাতে শব্দ শুনে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সবকিছু পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
অপরদিকে ঘটনার দুদিন পরে পৌর এলাকার ঢেউয়াপাড়ায় বিমল তালুকদার ও বাবুল দাশের বসতঘরে একই কায়দায় আগুন দেয়া হয়। তবে ক্ষতি বেশি না হলেও সেই ভয়ানক দৃশ্যের কথা তারা আজও ভুলতে পারছেন না।
বিমল ও বাবুল বলেন, ‘আমাদের ওপর যারা অত্যাচার করেছে তাদের বিচার দাবি করছি।’
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, ওসি সাজেদুল ইসলামসহ ধর্মীয় নেতারা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, ‘একটি মহল চেষ্টা করছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। তাই এসব ঘটনা ঘটানো হচ্ছে। অপরাধীদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগির ফল পাওয়া যাবে।’
পতাকানিউ/এমএএইচ/আরবি

