সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে ক্রমাগত নতুনভাবে উপস্থাপন করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চরিত্রের প্রয়োজনেই বিভিন্ন লুকে দেখা গেলেও এবার তিনি একসঙ্গে ছয়টি সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে তার নতুন সব লুক। বৈমানিক, তীরন্দাজ, সঞ্চালক, কাজীসহ এভাবেই ছয় ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে শাকিবকে। এমনকি লুকগুলোর একটিতে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’এর ভাইরাস চরিত্রের আদলও পাওয়া গেছে।

তবে এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়। শীতকালীন প্রসাধনী পণ্যের একটি বিজ্ঞাপনের জন্যই এই বহুরূপে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব, যেখানে প্রতিটি চরিত্রে শাকিব খানকে সাবলীল অভিনয় করতে দেখা যায়। বিজ্ঞাপনটি ইতোমধ্যে টিভি পর্দায় প্রচার শুরু হয়েছে।
এদিকে শাকিব খানের হাতে রয়েছে বেশ কিছু আলোচিত সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য ‘সোলজার’ এবং ‘প্রিন্স’। বর্তমানে চলছে ‘সোলজার’-এর শুটিং, যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।
পতাকানিউজ/এনএফএম

