একই ফ্রেমে, একই রঙের পোশাকে ধরা দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নির্মাতা রাজ নিদিমরু। দুজনের চোখেমুখে উচ্ছ্বাস, ঠোঁটে মিষ্টি হাসি- সেই ছবিতেই অনুরাগীদের চোখে ধরা পড়েছে এক অদৃশ্য প্রেমের আভাস। শুক্রবার রাত থেকেই সেই ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
এরপর আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সামান্থার দেওয়া ‘সাহসী’ ক্যাপশন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন তবে কি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী-পরিচালক জুটি? বলিউড থেকে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি সর্বত্রই এখন এই জল্পনা চরমে।
শুক্রবার রাতে সামান্থার সাফল্য উদযাপনের এক পার্টিতে উপস্থিত ছিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরু। সেই অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত সামান্থা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় পাণীয়র গ্লাস হাতে সামান্থার কোমর জড়িয়ে রেখেছেন রাজ। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে।
সেই পোস্টে সামান্থা লেখেন, ‘বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে এই উদযাপনটা আমার কাছে বিশেষ একটি দিন। গত দেড় বছরে আমি জীবনে অনেক সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নিয়েছি, নিজের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রেখেছি, এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখেছি। আজ সেই ছোট ছোট জয়গুলোকেই উদযাপন করছি। কয়েকজন মেধাবী, পরিশ্রমী ও খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা কেবল শুরু।‘
সামান্থার এই লেখা অনুরাগীদের নজর কেড়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে তাঁর ‘নতুন শুরু’ -র উল্লেখে অনেকেই ভাবছেন, এই ‘শুরু’ কি শুধুই পেশাগত, নাকি ব্যক্তিগত জীবনেরও ইঙ্গিত দিচ্ছেন তিনি?
প্রসঙ্গত, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ ঘটেছিল চার বছর আগে। বর্তমানে প্রাক্তন নাগা এখন নতুন বউ অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে ব্যস্তজীবন কাটাচ্ছেন। অন্যদিকে, গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে সামান্থাও নাকি অতীতকে পেছনে ফেলে নতুন জীবনের পথে হাঁটছেন, সঙ্গী হয়েছেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু।
পতাকানিউজ/এনএফএম

