রাত গভীর হয়েছে। ঘড়ির কাঁটায় তখন ১টা। বয়ান শেষ করে মাইক্রোফোন হাতে নিলেন মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এবার বয়ান নয়, ঘোষণা হলো নিলামের। সামনে তোলা হলো মাত্র চারটি কমলা। ৫ হাজার টাকা থেকে শুরু হওয়া সেই নিলামে একের পর এক বাড়তে থাকল দর। শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় থামল নিলাম। চারটি কমলা কিনলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। তবে কমলার দাম দিতে নয়, তার উদ্দেশ্য ছিল মাদ্রাসার পাশে দাঁড়ানো।
ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ও শেষ বক্তা ছিলেন শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। তার বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে চারটি কমলা নিলামে তোলা হয়। নিলামের শুরুতে চারটি কমলার দাম হাঁকা হয় ৫ হাজার টাকা। এরপর উপস্থিত মুসল্লিদের মধ্যে শুরু হয় দর হাঁকাহাঁকি।
একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। পুরো ওয়াজ মাহফিলের পাশাপাশি নিলামের পর্বটিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
মাহফিলে উপস্থিত মুসল্লিরা জানান, দোয়ার আগে মাদ্রাসার সহযোগিতার উদ্দেশ্যে কমলাগুলো নিলামে তোলা হয়। নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানো। সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত মাদ্রাসার জন্য এমন আয়োজন করা হয় বলে জানান তারা।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান জানান, তার বাবা মাদ্রাসায় সহযোগিতার উদ্দেশ্যেই ৫০ হাজার টাকা দিয়ে কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদ্রাসাটির জন্য বছরে আরও ৩৬ হাজার টাকা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডে তার বাবা সবসময় পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান আব্দুল আজিজ।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদ্রাসার সহযোগিতার জন্য গত কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুর নিলামে তোলা হলে তা ১৫ হাজার টাকায় বিক্রি হয়।
মাদ্রাসার সভাপতি ও মুহতামিম বলেন, এসব ফলের বাজারমূল্যের সঙ্গে নিলামের দামের পার্থক্যের মূল কারণ হলো মাদ্রাসার প্রতি মানুষের সহযোগিতার মনোভাব। যারা নিলামে অংশ নেন, তারা মূলত মাদ্রাসার উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যেই ফলগুলো কিনে থাকেন।
পতাকানিউজ/এমআরআর/এমএম

