মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার, রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর ১২টা ৭ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় তারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বেজে উঠে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
শ্রদ্ধা জানানো শেষে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফিজ মাওলানা নাজির মাহমুদ।
দোয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেৃতত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্য, বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পতাকানিউজ/আরবি

