দেশের বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৯ বিশিষ্ট নাগরিক ও ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদক-২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা তুলে দেয়া হয়।
এবার অভিনেত্রী, সাংবাদিক, সংগীত শিল্পীসহ নয় ব্যক্তি ও ওয়ারফেজ ব্যান্ড দলকে এ একুশে পদক দেয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন-চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার।
এছাড়া শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।
অনুষ্ঠানে দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হয়।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।
পতাকানিউজ/আরবি

