স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘এবারের দুর্গাপূজায় সরকারের অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, ‘গত বছর পূজার অনুদান ছিল ৪ কোটি টাকা, এবার তা বাড়িয়ে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গত ১৫ বছর ধরে সরকার ২ কোটি টাকা অনুদান দিয়ে আসছিল, সেখান থেকে ধাপে ধাপে তা এখন ৫ কোটিতে উন্নীত করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সহায়তাও সরকার থেকে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।’
পূজা উদ্যাপন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গাপূজা গতবারের তুলনায় আরও বেশি উৎসবমুখর পরিবেশে হবে। এই পূজায় শুধু হিন্দুধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও অংশ নেন।’
নির্বিঘ্ন আয়োজনে একটি অ্যাপ চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ অ্যাপের মাধ্যমে যেকোনো অঘটন বা ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে সরকারের কাছে পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করব, এবার পূজাটা খুব উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে উদ্যাপিত হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উদ্যাপন কমিটির প্রতিও তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পতাকানিউজ/এনটি

