বগুড়ার সোনাতলা উপজেলার শিচারপাড়া গ্রামের একটি ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার, ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চায়না খাতুন (৩২) ও তার মেয়ে খাদিজা (১৫)। চায়না খাতুন শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী কামরুজ্জামানের স্ত্রী। নিহত খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানা পুলিশের ওসি কবির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ জুমার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মা ও মেয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সদরুল আমীন লিমন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চায়না ও তার মেয়ে খাদিজা স্বাভাবিক জীবনযাপন করতেন। ছোট মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক।
প্রতিবেশী মৌসুমী বলেন, চায়না খুবই ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। এমন ঘটনা আমরা কখনও কল্পনাও করিনি। সকালে তাদের কাউকেই অস্বাভাবিক মনে হয়নি। পারিবারিক কোনো সমস্যার কথাও আগে শোনা যায়নি। এ ঘটনায় পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।
ওসি কবির হোসেন বলেন, ‘মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ঘটনার পেছনে কোনো পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/পিএম/আরবি

