টাঙ্গাইলে একটি গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ একে একে চারজন।
শনিবার, ২০ জুন সকাল সাড়ে ৮টায় মধুপুর উপজেলার টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল ৯টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশি রতন নকরেক (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাল মিয়াসহ স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি গর্তে পড়ে যায়। ওই ছাগল তুলতে প্রথমে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গ্রাবিয়াল এবং শেষে রতন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুর হক জানান, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পতাকানিউজ/আরবি

