বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ অক্টোবর সন্ধ্যায় শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতে উত্তেজিত গ্রামবাসী চাকুসহ রকি ও শাকিল নামে দুজনকে আটক করে পুলিশে দেয়।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া (৫৫), তার মেয়ে কাজলী বেগম (৩৫) ও লাকী বেগম (২৬) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীনা (২০)। এদের মধ্যে কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিশিন্দারা উত্তরপাড়ায় বীনার সঙ্গে তার স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকির দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার স্ত্রী বীনা, শাশুড়ি কাজলী বেগম, নানি শাশুড়ি মনোয়ারা বেওয়া ও শ্যালিকা লাকীকে ছুরিকাঘাত করেন। এসময় তাকে বন্ধু শাকিল সহযোগিতা করেন। আহতদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে চাকুসহ রকি ও শাকিলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। হামলায় জড়িত জামাই রকি ও তার বন্ধু শাকিলকে আটক করা হয়েছে। তবে ঘটনার দিন রাত পর্যন্ত মামলা হয়নি।’
পতাকানিউজ/পিএম/আরবি

