জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম বলেন, ‘শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভাসানচর কারো হতে দিব না। ভাসানচর নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না। আমরা যখন দেখেছি ভাসানচর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছি এবং প্রতিবাদ করেছি।’
সোমবার, ২০ অক্টোবর সন্ধ্যায় হাতিয়ায় ৩১ দফার প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাতিয়ায় নদী ভাঙন রোধ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মামলাবাজ মুক্ত করতে হবে। আমাদের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনাদের আশ্বস্ত করতে চাই, এলাকার সন্তান হিসেবে এবং নদী ভাঙা মানুষ হিসেবে। আমরা নদী ভাঙ্গা রোধে সর্বোচ্চ ভূমিকা পালন করবো।’
তিনি বলেন, ‘আমাদের নদী ভাঙন একটা প্রধান সমস্যা। তার উপরে এখানে বনদস্যু, জলদস্যুসহ এবং অন্যান্য সমস্যা চলমান রয়েছে। পরিস্থিতি পরিবর্তন হলেও ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারি নাই।’
যুবদলের এ সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে, আধুনিক স্বাস্থ্য সেবার ঘাটতি রয়েছে। এখানে কৃষক ন্যায্য মজুরি পান না, ন্যায্য দাম পান না। তার উপরে যুক্ত হয়েছে ঘাটে অনিয়ম, চাদাবাজি-মামলাবাজি। এই অঞ্চলের মানুষ প্রতিকূলতায় বড় হলেও নতুন করে যোগ হয়েছে ভাসানচর নিয়ে ষড়যন্ত্র। এগুলো আমাদের জীবনকে অতিষ্ট করে তুলেছে।’
পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের দরকার পরিবর্তন। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং লড়াই করে যেতে হবে।’
এ সময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার হরনী ইউনিয়নে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
পতাকানিউজ/এইচএএ/এএইচ

