বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছর বয়সী কিশোর মাহফুজুর রহমান ইমন। কথা ছিল, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কিন্তু সে আর ফেরেনি। নিখোঁজ হওয়ার রাতেই ফেনীর শহরতলীর ফতেহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় অটোরিকশাটি। তবে সেটির ব্যাটারি ছিল না। এক মাস পেরিয়ে গেলেও ইমনের কোনো সন্ধান মেলেনি।
ছেলের ফেরার অপেক্ষায় দিন কাটছে ইমনের মা-বাবার। কী ঘটেছিল তার সঙ্গে, কোথায় আছে সে; এখনো কোনো উত্তর পাননি পরিবারের সদস্যরা।
অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়েও ইমনের অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইমন ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম সুজনের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরে ইমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। ঘটনার দিন তার সঙ্গে ছিল চাচাতো ভাই মো. হানিফ। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য হানিফকে বিরিঞ্চি ফকির বাড়ির সামনের এলাকায় নামিয়ে দেয় ইমন। এ সময় অটোরিকশার ব্যাটারিতে তেমন চার্জ নেই জানিয়ে অল্প সময়ের মধ্যে বাড়ি ফেরার কথা বলে সে।
কিন্তু রাত বাড়লেও ইমন বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৯ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
রাতেই উদ্ধার অটোরিকশা, পাওয়া যায়নি ব্যাটারি
ইমন নিখোঁজ হওয়ার দিন রাতেই ফেনী শহরতলীর ফতেহপুর এলাকা থেকে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তবে অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি।
অটোরিকশাটি কীভাবে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, ব্যাটারি কে বা কারা নিয়ে গেছে এবং ইমনের সঙ্গে কী ঘটেছে; এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
‘জীবিত অথবা মৃত, আমার সন্তানকে ফিরিয়ে দেন’
সন্তানের অপেক্ষায় দিন গুনছেন ইমনের মা মোমেনা বেগম। এক মাসেও ছেলের সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন তিনি। তার আকুতি, সন্তানকে যেকোনো অবস্থায় ফিরে পেতে চান।
মোমেনা বেগম বলেন, ‘আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত অথবা মৃত, আমার সন্তানকে ফিরিয়ে দেন। পুলিশ-প্রশাসনের কাছে গিয়েছি। তারা আমার ছেলেকে জীবিত আনতে পারেনি, মৃতও আনতে পারেনি। আপনারা আমার ছেলেটাকে খুঁজে বের করে দেন।’
তিনি আরও জানান, তার নিরীহ ছেলেটি কোথায় আছে, কার কাছে আছে, তা তিনি জানতে চান।

ইমনের বাবা শহিদুল ইসলাম সুজন বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পরপরই ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ছেলের কোনো হদিস পাওয়া যায়নি।’
ইমনের ভাই মোশাররফ হোসেন বলেন, ‘তার ভাই শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। খারাপ কোনো আড্ডাতেও যেত না সে।’
মোশাররফ বলেন, ‘এতটুকু একটা ছেলে কারও কী ক্ষতি করেছে যে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে, তা আমরা বুঝতে পারছি না। এক মাস ধরে ভাই কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না।’
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা
ইমনের সন্ধানে ঘটনার আশপাশের এলাকার প্রায় ৩০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছে পুলিশ। তবে ফুটেজ বিশ্লেষণ করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ইমনের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টাও চালানো হয়েছে। তবে ইমনের সঙ্গে মোবাইল ফোন না থাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তাকে অপহরণ করে অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া হয়েছে কি না, কিংবা এর পেছনে কোনো অপহরণ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন জেলার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয় ও ফেনী পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ইমনের উপস্থিতি শনাক্তের চেষ্টা করা হয়েছে। ঘটনার স্থানসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ব্যাটারি বিক্রির দোকানেও খোঁজ
ইমনের নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার ব্যাটারি উধাও হয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ব্যাটারিগুলো কোনো ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে কি না, তা জানতে ফেনীর বিভিন্ন ভাঙারি ও ব্যাটারি কেনাবেচার দোকানে খোঁজ নেওয়া হয়েছে। তবে ব্যাটারি অবস্থান কিংবা ইমনের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে এগুলোর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি।
এখনো অজানা ইমন নিখোঁজের রহস্য
ইমনের সন্ধান চেয়ে গত ১৩ অক্টোবর ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। তাদের দাবি, ইমনকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
এক মাস পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ‘ইমন নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তাকে খুঁজে বের করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে। তবে তদন্তে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কী কারণে ইমন নিখোঁজ হয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’
বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর কিশোর ইমনের নিখোঁজ হওয়া, একই রাতে অটোরিকশা উদ্ধার, ব্যাটারি উধাও এবং নানা অনুসন্ধানেও কোনো সূত্র না পাওয়া; সব মিলিয়ে ঘটনাটি এখনো রহস্যের মধ্যে রয়েছে। ছেলের অপেক্ষায় থাকা পরিবারটির প্রত্যাশা, দ্রুত ইমনের সন্ধান মিলবে এবং জানা যাবে, সেদিন আসলে কী ঘটেছিল।
পতাকানিউজ/এএএম

