মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসের বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গত ৯ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। জন্মনিবন্ধন কার্যক্রমের প্রয়োজনীয় রেজিস্টার আইডিও সচল না থাকায় নতুন ও সংশোধিত জন্মনিবন্ধনসহ অধিকাংশ সেবা বন্ধ রয়েছে। প্রতিদিন সেবাপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদে গিয়ে ফিরে আসছেন।

স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার এক আদেশে জানা যায়, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ২০২৫ সালে উপজেলা আইসিটি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেয়া হয়েছিল। তবে চেয়ারম্যান জুয়েল আহমদ হাইকোর্টে রিট করলে গত ২৭ এপ্রিল আদালত ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ‘আদালতের আদেশে আমার চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য চিঠি দেয়া হলেও আমার স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত আইনানুগ সমাধান চান তিনি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে। দ্রুত সময়ের ভিতরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।
পতাকানিউজ/এমআরআর/আরবি

