বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন।
বুধবার, ২৯ জুলাই সকাল সাড়ে ৮টায় সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজ ট্রেন (নং-৪৯২) স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এতে ৪ আহত হয়।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/পিএম/আরবি

