জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব তার সঙ্গে আমাদের পথচলা পুরাতন দিনগুলোর মতই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে। তিনি দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন। তবে তিনি এবার নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারেন এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষে কন্ঠস্বর হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যে তিনি কাজ করবেন।’
প্রসঙ্গত, আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন নির্বাচনে অংশ নেয়ার জন্য। ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একইসঙ্গেকুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন তার সমর্থকরা। তবে আজ, সোমবার সন্ধ্যা পর্যন্ত দুটির কোনোটিতেই তিনি মনোনয়নপত্র জমা দেননি।
পতাকানিউজ/আরবি

