ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে হত্যার রেশ না কাটাতেই আবারো রাজনৈতিক দলের নেতার মাথায় গুলি করা হয়েছে। সোমবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক দলের নেতাদের টার্গেট কিলিং করার জন্য একটি অশুভ শক্তি যে তৎপর রয়েছে তা আবারো সামনে এলো।
সোমবার, ২২ ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
তিনি লিখেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এ বিষয়ে ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।
-পতাকানিউজ/এসএমআর

